কুমিল্লায় সংকীর্ণ সড়ক ঘেঁষে বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক সম্প্রসারণ না করে কুমিল্লা নগরের কান্দিরপাড়ে ছয়তলা বিপণিবিতান নির্মাণ করছে কুমিল্লা সিটি করপোরেশন। সড়কের পাশে নালা ঢেকে দিয়ে এক মাস ধরে ওই নির্মাণকাজ চলছে। ফলে নগরে ভয়াবহ যানজট সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই কুমিল্লা নগরের কান্দিরপাড়ের টাউন হলের পূর্ব পাশের সংকীর্ণ সড়কসংলগ্ন জায়গায় ছয়তলা বিপণিবিতান নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ১৫ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৭২৫ টাকা প্রাক্কলিত ব্যয়ে কাজটি পায় ঢাকার জামাল অ্যান্ড কোম্পানি ও ইসলাম ট্রেডিং করপোরেশন। পরে বরাদ্দ বাড়িয়ে ১৬ কোটি ১২ লাখ ৮৭ হাজার ১৯৭ টাকা করা হয়। বিপণিবিতানের নিচের তলায় ২৯টি, দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত ৫৮টি করে এবং পঞ্চম ও ষষ্ঠ তলায় কমিউনিটি সেন্টার করা হবে। এর আয়তন দৈর্ঘ্যে ৩৪৪ ফুট এবং প্রস্থে মাত্র ১৬ ফুট। মেয়র মনিরুল হক গত ১০ অক্টোবর কাজের অনুমোদন দেন।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে কুমিল্লা টাউন হল মাঠ ও নিউ মার্কেটের মধ্যবর্তী স্থানের সড়কটি ২৬ ফুট চওড়া। ওই সড়কসংলগ্ন অংশসহ টাউন হলের পূর্ব পাশের নালার ওপরে বিপণিবিতান (সিটি মার্কেট) নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে নালার মধ্যে চারটি পাইলিং করা হয়েছে। নালার ওপরটা ঢেকে দেওয়া হয়েছে। ওই জায়গায় স্থায়ীভাবে স্থাপনা নির্মিত হওয়ায় পুরো শহরে যানজট সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
সিটি করপোরেশনের একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কান্দিরপাড় থেকে কুমিল্লা নগরের উত্তর এলাকায় যোগাযোগ নিরবচ্ছিন্ন করতে হলে সড়ক চওড়া করতে হবে। এখন ব্যবসায়িক স্বার্থে বিপণিবিতান করা হলেও নগরবাসীর চলাচলের জন্য একসময় সেটি ভাঙতে হবে। তাই কান্দিরপাড় থেকে সার্কিটহাউস পর্যন্ত ওই সড়কের পাশের জায়গা ফাঁকা রাখতে হবে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লার সভাপতি নাজমুল আলম চৌধুরী বলেন, নগরায়ণের পূর্বশর্ত সড়ক প্রশস্ত করা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, জনপ্রতিনিধিরা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নগরবাসীর স্বপ্নকে পদদলিত করছেন।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হকের সঙ্গে গত বৃহস্পতিবার একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে দরপত্র আহ্বানের সময় মেয়র প্রথম আলোকে বলেছিলেন, পৌর পরিষদের সিদ্ধান্ত নিয়েই বিপণিবিতান করা হচ্ছে।