কুমিল্লায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দফায় দফায় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, নির্বাচনী কর্মকর্তাকে মারধরের মধ্য দিয়ে গতকাল শনিবার কুমিল্লার আদর্শ সদর, বুড়িচং ও লাকসাম উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হয়েছে।
আদর্শ সদর ও বুড়িচং উপজেলায় একাধিক সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ ব্যক্তি আহত হয়েছেন। ওই কারণে আদর্শ সদর উপজেলায় চারটি ও বুড়িচং উপজেলায় একটি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া বুড়িচংয়ে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা একজন প্রার্থীর পক্ষে সিল মারায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এদিকে লাকসামে বিএনপি নির্বাচন বর্জন করে।
সংঘর্ষে আহত অর্ধশতাধিক: সকাল আটটা থেকেই আদর্শ সদর উপজেলার দুর্গাপুর (দক্ষিণ) ইউপির খেতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদিনগর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ভোটকেন্দ্র, দুর্গাপুর (উত্তর) ইউপির বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, জগন্নাথপুর ইউপির রঘুপুর ও জহিরুন্নেছা, পাঁচথুবী ইউপির কোটেশ্বর ও চানপুর ভোটকেন্দ্র ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ ব্যক্তি আহত হন। অন্যদিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউপির উত্তরগ্রাম, শংকুচাইল ও রাজাপুর লালমিয়া, ময়নামতি ইউপির নামতলা ও আবিদপুর ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে রাজাপুর লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে চারজন গুলিবিদ্ধ হন। নামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত আরও ৩০ জন আহত হন।
লাকসামে নির্বাচন বর্জন: সকাল সাড়ে ১০টায় লাকসাম উপজেলার কান্দিরপাড়, উত্তরদা, আজগরা ও লাকসাম পূর্ব ইউনিয়নে বিএনপি প্রার্থীরা নির্বাচন বর্জন করে।
লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল্লাহ রায়হান বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।’ এ বিষয়ে দলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম শাহ আলম বলেন, ‘বিএনপি বেশির ভাগ জায়গায় এজেন্ট রাখতে পারেনি। তাই বাধ্য হয়ে সকাল সাড়ে ১০টায় নির্বাচন বর্জন করে। এ উপজেলায় কোনো নির্বাচনের পরিবেশ ছিল না।’