কুমিল্লায় সওজের কার্যালয়ে ঠিকাদারদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি পুনর্বাসন প্রকল্পের আওতায় শেষ হওয়া কাজের বকেয়া বিল পরিশোধের দাবিতে গতকাল রোববার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুমিল্লা কার্যালয়ে তালা দিয়েছেন ঠিকাদারেরা। একই সঙ্গে তাঁরা আগামী চার দিনের মধ্যে বকেয়া বিল পরিশোধের সময়সীমা বেঁধে দিয়েছেন। এ ছাড়া ঠিকাদারেরা বিলের দাবিতে সওজের কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে স্মারকলিপি দিয়েছেন।ঠিকাদার কবির হোসেন ভূঁইয়া ও জহিরুল কামাল জানান, ২০১০-১১ অর্থবছরে জরুরি পুনর্বাসন প্রকল্পের আওতায় কুমিল্লার বিভিন্ন সড়কের সংস্কারকাজ গত বছরের জুলাই মাসে শেষ হয়। ওই কাজের পাঁচ কোটি ৩২ লাখ টাকার বিল দীর্ঘদিন ধরে না পেয়ে ঠিকাদারেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সকাল ১০টায় ঠিকাদারেরা গিয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও অন্য প্রকৌশলীদের কক্ষ থেকে বের করে দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন। এ ছাড়া তাঁরা অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে স্মারকলিপিও দেন।সওজের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম বলেন, ‘ঠিকাদারেরা আমাদের কাছে পাঁচ কোটি ৩২ লাখ টাকা পাবেন। আমরা বকেয়া বিল পরিশোধ করার জন্য সড়ক ভবনে চিঠি দিয়েছি। সেখান থেকে টাকা এলেই ওই বিল পরিশোধ করা হবে। সকালে কাজে যোগদান করতে গেলে ঠিকাদারেরা বাধা দেওয়ায় চলে আসি। এরপর আমরা বিভিন্ন সড়কের কাজ পরিদর্শন করতে যাই।’