কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঝাগুরজুলি এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
গতকাল রোববার সকাল সাতটায় ওই দুর্ঘটনা ঘটে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও একাধিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে কুমিল্লা সেনানিবাসগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ঝাগুরজুলি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা শরিফুল ইসলাম (৩০) ও চট্টগ্রামের কলাবাগান এলাকার বাসিন্দা মোহাম্মদ সাগর (২৮) নিহত হন।
দুর্ঘটনায় আহত চার ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি মারা যান। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক৷