কুমিল্লায় সড়ক, সেতু, ওভারপাসসহ চার প্রকল্পের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লায় সড়ক ও জনপদ বিভাগের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলো হলো কোম্পানীগঞ্জ-মুরাদনগর-হোমনা মহাসড়ক ও গৌরীপুর-হোমনা সেতু, কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাস এবং কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করেন।

ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ফোর-লেন প্রকল্পের শেষ অংশ হিসেবে ৩০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চার-লেনবিশিষ্ট কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস উদ্বোধন করা হয়। ৩৪৪ দশমিক ১৭৫ মিটার দীর্ঘ এবং ২১ দশমিক ৬০ মিটার প্রস্থবিশিষ্ট প্রকল্পটি সড়ক, পরিবহন ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড সম্পন্ন করেছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপদ অধিদপ্তর ৬৩১ দশমিক ৫০ মিটার দীর্ঘ এবং ৮ দশমিক ৯ মিটার প্রস্থবিশিষ্ট কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাসটি নির্মাণ করা হয়েছে। যার নির্মাণ ব্যয় ৯৪ কোটি ৬ লাখ টাকা।

২৩ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ মুরাদনগর-হোমনা মহাসড়ক ও ১১২ দশমিক ৬ মিটার দীর্ঘ এবং ১০ দশমিক ২৫ মিটার প্রস্থ গৌরীপুর-হোমনা সেতুটি ৭৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর নির্মাণ করেছে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুভেচ্ছা বক্তব্য দেন। আরও বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন-চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম প্রকল্পগুলো সম্পর্কে অনুষ্ঠানে ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় প্রকল্পগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। তাই দেশটাকে আমাদের সকলে মিলে গড়ে তুলতে হবে। শেখ হাসিনা বলেন, বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব। উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করব।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লার প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী ৯টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে এই নয়টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হয়।