কুমিল্লায় সন্ত্রাসী হামলায় পুলিশসহ আহত ১২
কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর উচ্চবিদ্যালয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এতে পুলিশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ ১২ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীর বাড়িতে অগ্নিসংযোগ করেন। এ ছাড়া অন্য এক হামলাকারীর দোকান ভাঙচুর করা হয়। শিক্ষক ও অভিভাবক সূত্রে জানা গেছে, মঙ্গলবার হরতালের কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ বার্ষিক পরীক্ষা বন্ধ রাখে। স্থানীয় আওয়ামী লীগের কর্মী হাবিবুর রহমান ওই দিন কয়েকজন সহযোগী নিয়ে প্রধান শিক্ষকের কাছে গিয়ে স্কুল বন্ধ রাখার কারণ জানতে চান। এ নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। হাবিবুর গতকাল সকাল ১০টার দিকে ১৪ থেকে ১৫ জনের একটি দল নিয়ে আবারও বিদ্যালয়ে যান। তিনি প্রধান শিক্ষক মো. সফিউল্লার সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রধান শিক্ষককে লাঠি দিয়ে পেটানো হয় এবং তাঁর ডান পায়ে ধারালো দা দিয়ে কোপ দেওয়া হয়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার সময় শিক্ষার্থীরা আতঙ্কে দিগ্বিদিক ছুটতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, কনস্টেবল আবদুল কাইয়ূম, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষার্থী রুবেল মিয়া, খোরশেদ আলম, সাদেক মিয়া, সাজ্জাদ হোসেন, রাসেল মিয়া, আরিফ হোসেন, রুবেল, অভিভাবক আবুল হোসেন আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিদ্যালয়ে হামলার খবর পেয়ে এলাকাবাসী ও অভিভাবকেরা ঘটনাস্থলে ছুটে যান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা হাবিবুরের বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ছাড়া বিদ্যালয়ের সামনে খোরশেদ আলমের দোকান ভাঙচুর করা হয়। দমকল বাহিনীর সদস্যরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয়টি ফাঁকা গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের দুটি শেল নিক্ষেপ করে। এ ছাড়া মোজাম্মেল হোসেন, মামুন রহমান ও শাহজালালকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছানিয়া আক্তার বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আইন নিজ হাতে না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করি, অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার পরীক্ষা বন্ধ থাকবে, শনিবার থেকে যথারীতি পরীক্ষা হবে।’ বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।