কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিনকে গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার বেলা দেড়টায় কুমিল্লা-নোয়াখালী সড়কে উপজেলার রতনপুরে এ ঘটনা ঘটে। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তার এবং দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁর ওপর ওই হামলা চালানো হয়ে থাকতে পারে। সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আদম ছফিউল্লাহ মামুন জানান, গতকাল বুধবার বেলা একটায় ফরহাদ উদ্দিন মোটরসাইকেলযোগে নিজ গ্রাম পরতী থেকে কুমিল্লা নগরে যাচ্ছিলেন। দেড়টায় তাঁর মোটরসাইকেল সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকা পার হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। ওই সময় একটি গুলি এসে তাঁর ডান ঊরুতে লাগে। সঙ্গে সঙ্গে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এরপর হেলমেট পরা সন্ত্রাসীরা তাঁর বাঁ হাত কুপিয়ে জখম করে। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী বলেন, পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর সন্ত্রাসীরা গুলি করে এবং কুপিয়ে জখম করে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।