সরকারের অনুমোদন নেই, এমন কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোকে তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ছয় জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে। এ খবর পেয়ে অনুমোদনহীন কোনো কোনো কলেজের সাইনবোর্ড নামিয়ে ফেলা হচ্ছে।কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কলেজ-৪) এ কে এম জাকির হোসেন ভূঞা স্বাক্ষরিত একটি চিঠি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। ওই চিঠিতে সরকারের অনুমতি ছাড়া কোনো কলেজে ভর্তির কার্যক্রম চলছে কি না, সে বিষয়ে তদন্ত করে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়।কুমিল্লা শিক্ষা বোর্ড ওই চিঠি পাওয়ার পর গত ১৯ জুলাই বোর্ডের অধিভুক্ত কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসকদের চিঠি দেন। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে অবৈধ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের তালিকা বোর্ডে পাঠানো হয়েছে বলে জানা গেছে।এদিকে এ খবর পেয়ে অনুমোদনহীন কলেজগুলো তাদের সাইনবোর্ড সরিয়ে ফেলছে। গত বুধবার বিকেলে কুমিল্লা শহরের টমছমব্রিজ এলাকার কুমিল্লার বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ তাদের সাইনবোর্ড সরিয়ে নেয়।প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চাঙ্গিনী এলাকায় ক্যাম্ব্রিয়ান কলেজ নামে একটি কলেজ শিক্ষার্থী ভর্তি করেছে। একই অবস্থা কুমিল্লা শহরের পুলিশ লাইন এলাকার প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজেরও। তা ছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ নাম দিয়ে প্রচারণা চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পশ্চিম বাগিচাগাঁও এলাকার কুমিল্লা মিশন স্কুল অ্যান্ড কলেজ, ঝাউতলা এলাকার সিডিএফ স্কুল অ্যান্ড কলেজ, কোটবাড়ি এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা এলাকার এশিয়া প্যাসিফিক স্কুল অ্যান্ড কলেজ। অথচ এসব প্রতিষ্ঠানে কলেজ শাখা নেই।জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক শাখার সেকশন কর্মকর্তা মো. আবদুল খালেক বলেন, এসব প্রতিষ্ঠানে কলেজ শাখা নেই, তবুও তারা সাইনবোর্ড এবং পত্রিকায় ‘কলেজ’ শব্দটি জুড়ে দিয়ে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে, যা আইনসম্মত নয়।কুমিল্লা জেলা প্রশাসক মো. জামাল হোসাইন বলেন, ‘সরকারের অনুমোদন নেই, এমন কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস বলেন, ‘অনুমোদনহীন কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। আমরা ইতিমধ্যে তদন্তকাজ শুরু করেছি। জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠালে আমরা মন্ত্রণালয়ে তা পাঠিয়ে দেব।’