সীমানা নিয়ে আইনি জটিলতা দেখা দেওয়ায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। যেসব ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে সেগুলো হচ্ছে, উপজেলার বাগমারা উত্তর ও দক্ষিণ, ভুলইন উত্তর ও দক্ষিণ, বেলঘর উত্তর ও দক্ষিণ এবং চৌয়ারা।জানা গেছে, গত ২৮ এপ্রিল বাগমারা উত্তর ইউনিয়নের বাসিন্দা ইদ্রিস মিয়া ও বেলঘর দক্ষিণ ইউনিয়নের নুরুল ইসলাম সীমানা নিয়ে আপত্তি তুলে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে ওই ছয় ইউপির নির্বাচন স্থগিত করা হয়। পরে গত বুধবার চৌয়ারা ইউনিয়নের বাসিন্দা সুরুজ মিয়াও সীমানা নিয়ে আপত্তি তুলে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এদিন আদালত চৌয়ারা ইউনিয়নের নির্বাচন এক মাসের জন্য স্থগিত করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মিছবাহ উদ্দিন আহমদ জানান, সাতটি ইউপির নির্বাচন স্থগিত হলেও উপজেলার অন্য সাতটি ইউপির নির্বাচন ৫ জুন হবে।