ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক কৃষ্ণচন্দ্র সরকারকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গত রোববার বিকেলে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিকুল ইসলাম এ রায় দেন।
আদালতসূত্রে জানা গেছে, শিক্ষক কৃষ্ণচন্দ্র ২০১২ সালের ১৯ মার্চ দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের পাঠদানের সময় ইসলাম ও হিন্দু ধর্ম সম্পর্কে নানা আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সেদিন ক্লাস বর্জন করে। সেই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। পরে তারা প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি দেয়। ওই দিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মোল্লা লাকসাম থানায় মামলা করেন। পরে পুলিশ কৃষ্ণচন্দ্রকে বিদ্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পরে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. জহিরুল হক প্রথম আলোকে বলেন, কৃষ্ণচন্দ্র জামিনে ছিলেন। পরে তিনি অজ্ঞাত স্থানে চলে যান। তাঁর অনুপস্থিতিতেই গতকাল আদালত সাজা দেন। তাঁর বাড়ি বরুড়া উপজেলা লক্ষ্মীপুর গ্রামে।