কুমিল্লায় সিএনজি-পেট্রল স্টেশনে আজ ধর্মঘট
কুমিল্লার সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পে আজ বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধর্মঘট ডাকা হয়েছে। একটি সিএনজি স্টেশনে হামলা ও কর্মচারীদের মারধরের ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মালিকেরা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। এর মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে আজ সন্ধ্যা সাতটায় আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন।কুমিল্লা জেলা সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী মনসুর ফারুক গতকাল মঙ্গলবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে জানান, গত সোমবার সন্ধ্যায় কুমিল্লা জেলার সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন, পেট্রল পাম্প মালিক সমিতি, কুমিল্লা জেলা সড়ক পরিবহন সমিতি, কুমিল্লা জেলা হাইওয়ে রেস্তোরাঁ মালিক সমিতির যৌথ সভা হয়। জেলা পেট্রল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেনের সভাপতিত্বে আদর্শ সদর উপজেলার ঝাগুরজুলি সোনালী হোটেল মিলনায়তনে ওই সভা হয়। সভায় মহাসড়কের আশপাশে পেট্রল পাম্প, সিএনজি ফিলিং স্টেশন ও হাইওয়ে রেস্তোরাঁয় আসা চাঁদাবাজদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের দৌরাত্ম্যে তাঁরা অতিষ্ঠ। অবিলম্বে রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনে হামলাকারী সাত আসামিকে গ্রেপ্তার করতে হবে। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবদুল হক, মহাসচিব কবির আহমেদ, কুমিল্লা জেলা সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিজাম উদ্দিন, কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের সভাপতি জামিল আহমেদ খন্দকার প্রমুখ। ১১ অক্টোবর রাতে বেলতলী রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে টাকা না দিয়েই যাচ্ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। ওই সময়ে ছাত্রলীগের নেতাদের কাছে টাকা চাওয়ায় সিএনজি স্টেশনের দুই কর্মচারীকে মারধর ও এক পথচারীকে গুলিবিদ্ধ করা হয় বলে অভিযোগ রয়েছে। সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আসামিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।