কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস চুরি
কুমিল্লার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে নানা অনিয়মের খোঁজ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফিলিং স্টেশনগুলোতে সিএনজি ও ক্যাপটিভ পাওয়ারের (জেনারেটরের মাধ্যমে) জন্য স্থাপিত মিটারে কারসাজি করে গ্যাস চুরি, তার ঢুকিয়ে অবৈধভাবে মিটার বন্ধ করে গ্যাস চুরি এবং গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করে একশ্রেণীর মালিক দীর্ঘদিন ধরে ফিলিং স্টেশনের ব্যবসা চালিয়ে আসছেন।গত ২৬ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজা মো. আবদুল হাই কুমিল্লার কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন। তখন তিনি দুটি ফিলিং স্টেশনের একজন মালিক ও দুজন ব্যবস্থাপককে যথাক্রমে ছয় ও তিন মাসের কারাদণ্ড দেন।বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানান, ভ্রাম্যমাণ আদালত গত রোববার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন হাইওয়ে লিংক সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালান। ওই ফিলিং স্টেশনের মিটারে তার ঢুকিয়ে তা বন্ধ রেখে গ্যাস বিক্রির প্রমাণ পান আদালত। তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশনের মালিক জামাল উদ্দিন ও ব্যবস্থাপক আবুল কালামকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। একই দিন মিটার রিডিং দেখতে না দেওয়ার অভিযোগে সুয়াগাজী এলাকার ভূঁইয়া সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জসিম উদ্দিনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস চুরি হচ্ছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে এসব স্টেশনের মালিকেরা আদালতে রিট করেন। আইনি প্রক্রিয়া চলাকালেও কয়েকটি ফিলিং স্টেশন গ্যাস চুরি ও বিক্রি অব্যাহত রাখে। এতে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়।জানতে চাইলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) আবুল বাশার জানান, গত ১৮ জুলাই এম এ খালেক সিএনজি ফিলিং স্টেশন পরিদর্শনে যান আদালত। মিটার কারসাজি করে গ্যাস চুরির কারণে এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই ফিলিং স্টেশনকে ৩২ লাখ পাঁচ হাজার ৫৪৮ টাকা জরিমানাও করা হয়। সব মিলিয়ে ওই ফিলিং স্টেশনের কাছে জরিমানার টাকাসহ কোম্পানি ৯৮ লাখ ৯৫ হাজার ২৯ দশমিক ৭১ টাকা পাবে।বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ ক ম আবদুস সালাম জানান, প্রয়োজনীয় লোকবলের অভাব ও ফিলিং স্টেশনের কতিপয় মালিকের অসহযোগিতার কারণে গ্যাস চুরি ঠেকাতে বেগ পেতে হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে গেলে কোম্পানির লোকজনকে নানাভাবে হয়রানি করা হয়। তার পরও কোম্পানি গ্যাস চুরি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে।কুমিল্লা জেলা সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী মনসুর ফারুক বলেন, ‘জেলায় ৫৪টি ফিলিং স্টেশন রয়েছে। প্রতিযোগিতার বাজারে একে অন্যকে কোণঠাসা করার জন্য হয়তো গ্যাস চুরির অভিযোগ তুলছে। ঢালাওভাবে গ্যাস চুরির অভিযোগ ঠিক নয়।’জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজা মো. আবদুল হাই জানান, কুমিল্লার কয়েকটি ফিলিং স্টেশনে গ্যাস চুরি হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত গ্যাস চুরি ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেবেন।