কুমিল্লায় সিপিবির বিক্ষোভ সমাবেশ
ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শহরের কান্দিরপাড়ের বীরচন্দ্রনগর মিলনায়তনের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিলনায়তনে সমাবেশ হয়। জেলা সিপিবির আহ্বায়ক আবদুল্লাহ কাফি রতনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুরুল আহসান খান, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আবদুল মান্নান, জেলা সিপিবির সাবেক সভাপতি মফিজুর রহমান প্রমুখ।সমাবেশে বক্তারা সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখো, তেল-গ্যাসসহ সব জাতীয় সম্পদ রক্ষা, ‘৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, যুদ্ধাপরাধের বিচার, সার ও বীজের দাম কমানো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানিয়েছেন। সমাবেশে মনজুরুল আহসান খান বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনোভাবেই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, মানুষ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হতাশ হয়ে পড়েছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। এর বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে।