কুমিল্লায় সীমান্তের ওপারে ডিবির চারজনকে পিটুনি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্তের ওপারে ভারতে ঢুকে এক ব্যক্তিকে হাতকড়া পরানোর অভিযোগে চার গোয়েন্দা পুলিশকে (ডিবি) পিটিয়ে আহত করেছে ক্ষুব্ধ জনতা। পরে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয়। গতকাল বুধবার বিকেলে ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর থানার রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে কুমিল্লা জেলা ডিবির সাতজনের একটি দল সীমান্তের ২০৫৯ মেইন পিলারের পূর্ব পাশে ত্রিপুরা রাজ্যের বক্সনগর থানার রহিমপুর গ্রামে যান। পরে তাঁরা ওই গ্রামের আবদুল জলিল নামের ব্যক্তির ঘরে ঢুকে তাঁর হাতে হাতকড়া পরান। এরপর আরও দুই ব্যক্তিকে হাতকড়া পরানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে গ্রামবাসী চতুর্দিক থেকে তাঁদের ঘেরাও করে। পরে তাঁদের পিটুনি দেয়। তিনজন পালিয়ে আসতে সক্ষম হন।
ওই চারজন হলেন এএসআই আলমগীর হোসেন ও মো. সবুজ এবং কনস্টেবল সেলিম আহমেদ ও জাফর উল্লাহ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবির একজন এসআই জানান, কুমিল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী জিরা সুমনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ডিবি ওই অভিযান চালায়। কিন্তু দলটি ভুলক্রমে ভারতের অংশে ঢুকে পড়ে। পরে ওই চারজনকে ধরে নিয়ে যায় বিএসএফ।