কুমিল্লায় সুষ্ঠু ভোট নিয়ে বিএনপির সংশয়
দক্ষিণ কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট, বরুড়া ও চৌদ্দগ্রাম পৌরসভায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি। বিএনপির অভিযোগ, এসব পৌরসভায় বিএনপি-দলীয় প্রার্থীদের অবস্থা ভালো দেখে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে ভোটারদের হুমকি দিচ্ছে। বিএনপির পক্ষ থেকে পৌরসভাগুলোর ১৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করা হয়েছে।গতকাল সোমবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ অভিযোগ তুলে ধরা হয়। বিকেল চারটায় কুমিল্লা শহরের কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। আজ মঙ্গলবার এ চারটি পৌরসভাসহ কুমিল্লার চান্দিনা, দাউদকান্দি ও হোমনা পৌরসভায় নির্বাচন হবে।সংবাদ সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, নাঙ্গলকোটে স্থানীয় সাংসদ আ হ ম মোস্তফা কামাল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নিয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দেন। লাকসামে সাংসদ মো. তাজুল ইসলামও প্রচারণায় অংশ নেন। বরুড়া ও চৌদ্দগ্রামে বহিরাগত নেতা-কর্মীদের জড়ো করে বিএনপির সমর্থিত ভোটারদের হুমকি দেওয়া হয়েছে। তিনি সতর্ক করেন, এই চার পৌরসভার নির্বাচনে কারচুপি হলে কুমিল্লা থেকে সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলা হবে। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ।এ ব্যাপারে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ও হুইপ মো. মুজিবুল হক বলেন, ‘নির্বাচন শত ভাগ প্রভাবমুক্ত থাকবে। এ নিয়ে কোনো সংশয় নেই। ভোটাররা যাঁকে ভোট দেবেন তিনিই মেয়র বা কাউন্সিলর হবেন।’এদিকে লাকসাম, চৌদ্দগ্রাম, বরুড়া ও নাঙ্গলকোট পৌরসভার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা প্রদান, আচরণবিধি লঙ্ঘন ও হুমকি প্রদানের প্রতিকার চেয়ে গতকাল জেলা বিএনপি কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে তারা ওই পৌরসভাগুলোতে সেনাবাহিনী, আর্মড পুলিশ ও নির্বাহী হাকিম নিয়োগের দাবি জানায়।