কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে মা ও ছেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের হাউজিং এস্টেট এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে গতকাল রোববার সন্ধ্যায় মা ও তাঁর শিশুপুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে।
নিহত দুজন হলেন নাসিমা আক্তার (৩০) ও তাঁর এক বছরের ছেলে মো. নাফিস। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নাসিমার বাবার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। আর তাঁর স্বামী নাজমুল হাসানের বাড়ি চান্দিনায়। ঘটনার পর থেকে নাজমুল পলাতক। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নাসিমার বোনের স্বামী আলী হোসেনকে আটক করেছে।
হাউজিং এস্টেট এলাকার ‘ডি’ ব্লকের ১ নম্বর সেকশনের এক তলার ১ নম্বর বাড়িতে মিমপেক্স অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেডের কার্যালয় অবস্থিত। ওই কার্যালয়ে গত বৃহস্পতিবার দারোয়ানের চাকরি নেন নাসিমার স্বামী নাজমুল। কার্যালয়টির পাশেই স্ত্রী-ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিনের বেলা নাসিমা ও নাজমুলের মধ্যে ঝগড়া হয়। এরপর রাতে অফিসে দায়িত্ব পালনে ভয় লাগে অজুহাত দেখিয়ে নাজমুল তাঁর স্ত্রী ও সন্তানকে মিমপেক্স অ্যাগ্রো কেমিক্যালের কার্যালয়ে নিয়ে যান। কিন্তু শনিবার সকাল থেকে তাঁদের কারও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সূত্রগুলো জানায়, গতকাল বিকেল চারটার দিকে মিমপেক্স অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেডের গাড়িচালক মো. মাসুম বিল্লাহ কয়েকজন সহযোগী নিয়ে কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও আশপাশ পরিষ্কার করছিলেন। এ সময় অফিসের দক্ষিণ-পশ্চিম কোণ থেকে গন্ধ ভেসে আসে। মাসুম বিল্লাহ কাছে গিয়ে দেখতে পান, সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা। তিনি ট্যাংকের ভেতরে দুটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ সন্ধ্যায় সেখানে গিয়ে সেপটিক ট্যাংক থেকে লাশ দুটি উদ্ধার করে। পরে নাসিমাদের বাসার মালিকের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মিমপেক্স অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেডের ইউনিটপ্রধান শেখ আল মাসুদ বলেন, শুক্রবার কার্যালয় বন্ধ ছিল। তার আগের দিন নাজমুল এই কার্যালয়ে যোগ দেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে। স্ত্রী ও শিশুপুত্রের গলায় ফাঁস লাগিয়ে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। নাসিমার অভিভাবকেরা আসার পর মামলা নেওয়া হবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।