কুমিল্লায় স্কুলছাত্র শিহাব হত্যার দায়ে দুজনের ফাঁসি
কুমিল্লার আদর্শ সদর উপজেলার চতুর্থ শ্রেণির ছাত্র রাশেদুল ইসলাম ওরফে শিহাব হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজিজ আহমদ ভূঁঞা গতকাল বুধবার বিকেলে ওই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো. কুদ্দুসুর রহমান ওরফে রবিন ও রত্নবতী গ্রামের শাহ আলমের ছেলে মাহে আলম ওরফে নয়ন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৭ জানুয়ারি রত্নবতী গ্রামের ছেলেরা রত্নবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বনভোজনের আয়োজন করে। ওই আয়োজন দেখতে ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাশেদুল বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে আটটার পরও রাশেদুল বাড়িতে না ফেরায় তার বাবা নজরুল ইসলাম বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। না পেয়ে তিনি ২৯ জানুয়ারি কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেন। ওই দিনই এ মামলার আসামিরা তাঁকে মুঠোফোনে জানায় রত্নবতী গ্রামের বারেক ফকিরের বাড়ির মধ্যবর্তী ফাঁকা স্থানে একটি চিঠি আছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে আরও জানা গেছে, পরে রাশেদুলের বাবা নজরুল ইসলাম বারেক ফকিরের বাড়ির কাছে গিয়ে চিঠিটি উদ্ধার করেন। এতে লেখা ছিল, ‘শিহাবকে (রাশেদুল) পেতে হলে ৫০ লাখ টাকা রাখতে হবে। পুলিশকে অবহিত করলে শিহাবকে জীবিত ফেরত পাবে না।’ ৪ ফেব্রুয়ারি তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ৭ ফেব্রুয়ারি মুঠোফোন ট্রেকিং করে পুলিশ চারজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে রাশেদুলকে গলা কেটে হত্যার পর লাশ বস্তার ভেতর রাখার কথা জানতে পারে পুলিশ। ৭ ফেব্রুয়ারি তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ রত্নবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে রাশেদুলের গলিত লাশ উদ্ধার করে।
গতকাল আদালত রাশেদুল হত্যা মামলার রায়ে আসামি কুদ্দুসুর ও মাহে আলমের মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার আদেশ দেন। মামলার অপর দুই আসামি আদর্শ সদর উপজেলার ছত্রখিল গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে ফয়সল আহমেদ ও রত্নবতী গ্রামের জহিরুল ইসলামের ছেলে রবিউল হাসান নাবালক হওয়ায় তাদের বিচার কার্যক্রম কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন। এরা সবাই রত্নবতী আলী আমেনা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।