কুমিল্লায় স্ত্রী-সন্তানসহ চিকিৎসক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দিতে সোমবার রাতে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে–মুচড়ে যাওয়া প্রাইভেট কার। গতকাল সকালে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে তোলা ছবি l প্রথম আলো
কুমিল্লার দাউদকান্দিতে সোমবার রাতে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে–মুচড়ে যাওয়া প্রাইভেট কার। গতকাল সকালে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে তোলা ছবি l প্রথম আলো

শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে কুমিল্লা শহর থেকে ব্যক্তিগত গাড়িতে করে ঢাকায় ফিরছিলেন রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক ফজলুল বারী। কিন্তু ফেরা হলো না। পথেই সড়ক দুর্ঘটনায় স্ত্রী, এক সন্তান, গৃহপরিচারিকাসহ নিহত হয়েছেন তিনি। আহত হয়েছে তাঁর দুই সন্তান।
গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় একটি বাসের সঙ্গে এই পরিবারটিকে বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে সিরাজগঞ্জে গতকাল মঙ্গলবার ভোরে রাস্তার পাশে বস্তিঘরের ওপর একটি ট্রাক উল্টে পড়লে প্রাণ হারান একই পরিবারের ঘুমন্ত তিন সদস্য। একই দিন কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তিনটি শিশুসহ পাঁচজন।
সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান খান বলেন, চিকিৎসক ফজলুল বারী সোমবার রাত পৌনে একটার দিকে কুমিল্লা থেকে ব্যক্তিগত গাড়ি চালিয়ে সপরিবারে ঢাকা ফিরছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির টামটা এলাকায় আসার পর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়।
মনিরুজ্জামান খান আরও বলেন, মহাসড়কের ওই স্থানে সংস্কারকাজ চলছিল। কিন্তু সতর্কতামূলক নির্দেশক চিহ্ন বা লাইটিং স্টিকার ছিল না। ফলে ফজলুল বারী ডান পাশ দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এই অবস্থায় সংঘর্ষে ঘটনাস্থলেই এ পরিবারের চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় ফজলুল বারী ছাড়াও নিহত ব্যক্তিরা হলেন তাঁর স্ত্রী আসমা-উল হুসনা (৩৪), মেয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ফাহমিদা ফাইরোজ স্নেহা (১১) ও গৃহপরিচারিকা সীমা (২১)। দম্পতির আহত দুই সন্তান হলো ফারিহা বুশরা বারী ফাইজা (৮) ও শাহজালাল আরিয়ান বারী পূর্ণ (৪)। তাদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
ফজলুল বারীর বোন সেলিনা আক্তার বলেন, গতকাল সকালে হাসপাতালে তাঁর ভাইয়ের দায়িত্ব ছিল। তাই শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে সোমবার রাতেই ঢাকায় ফিরছিলেন। পথে পুরো পরিবারসহ দুর্ঘটনার শিকার হলেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়েছেন। বাসটি আটক করেছে পুলিশ। চারজনের মরদেহ ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে বগুড়ায় নিয়ে গেছেন স্বজনেরা।
তিন ঘুমন্ত বস্তিবাসী নিহত: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দাড়িয়াপুর মহল্লায় গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে একটি মালবোঝাই ট্রাক রাস্তার পাশের বস্তিঘরে আছড়ে পড়েছে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন একই পরিবারের ঘুমন্ত তিনজন। পরিবারের আরও দুই সদস্য আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন আবু বক্কার শেখ (৩৫), স্ত্রী আরবি খাতুন (২৫) ও সন্তান সাব্বির হোসেন (৫)। আহত হয়েছেন মজনু মিয়া (৩৮) ও তাঁর ছেলে সৌরভ (৫)। এ দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক ফজলুল বারী, তাঁর স্ত্রী আসমা-উল হুসনা।  নিহত হয়েছে তাঁদের এক মেয়েও l ছবি: সংগৃহীত
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক ফজলুল বারী, তাঁর স্ত্রী আসমা-উল হুসনা। নিহত হয়েছে তাঁদের এক মেয়েও l ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিজাম উদ্দীন বলেন, গুড়বোঝাই একটি ট্রাক দিলরুবা বাসস্ট্যান্ড থেকে দাড়িয়াপুর সড়ক দিয়ে শাহজাদপুর পৌর শহরে ঢুকছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের নবকুমার সেতুর ডান পাশে দুটি টিনের ঘরে উল্টে পড়ে ট্রাকটি।
চার জেলায় নিহত আরও পাঁচ: ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল অ্যাম্বুলেন্সকে ট্রাক চাপা দিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াকুব আলী আবির (২৩) নিহত হন। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।
ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ জানায়, গতকাল ইয়াকুব আলী চট্টগ্রাম থেকে তাঁর বোনের মৃত নবজাতক সন্তান নিয়ে অ্যাম্বুলেন্সে গফরগাঁও ফিরছিলেন। দুপুর ১২টার দিকে মেহেরবাড়ি এলাকায় একটি ট্রাক অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। এতে ইয়াকুব গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কিশোরগঞ্জের করিমগঞ্জ ও হোসেনপুর উপজেলায় গতকাল দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় রুমানা আক্তার (৭) ও ফাহিম আহমেদ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রুমানা পরিবারের সদস্যদের সঙ্গে করিমগঞ্জের চামটাঘাট থেকে কিশোরগঞ্জ শহরে ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিল। পথে অটোরিকশার চাকায় তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে গেলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় সে। অপর ঘটনায় হোসেনপুরে রাস্তা পার হওয়ার সময় আরেক অটোরিকশার চাপায় মারা যায় শিশু ফাহিম।
ওদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় গতকাল দুপুরে মাইক্রোবাসের ধাক্কায় ঝুমুর (৫) নামে আরেক শিশু নিহত হয় বলে জানায় পুলিশ। দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া একটি মাইক্রোবাস ঝুমুরকে পেছন থেকে ধাক্কা দিলে আহত হয় সে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এ ছাড়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় ট্রাকের ধাক্কায় কেরামত আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে সিমেন্টবোঝাই একটি ট্রাক ভেড়ামারা-দৌলতপুর সড়কে তাঁকে বহনকারী সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান।