কুমিল্লায় স্বশিক্ষিত ও পিএইচডি ডিগ্রিধারীরা মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর ছোট ভাই এ এফ এম তারেক কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। হলফনামায় তিনি তাঁর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন ‘স্বশিক্ষিত’। লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. গোলাম মোস্তফা কামালের শিক্ষাগত যোগ্যতা ‘পিএইচডি’।
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, জেলার দেবীদ্বার, লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৪১ প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত একজন, অষ্টম শ্রেণী পাস দুজন, এসএসসি পাস পাঁচজন, এইচএসসি পাস পাঁচজন, স্নাতক পাস ১২ জন এবং স্নাতকোত্তর পাস ১১ জন। এ ছাড়া এলএলবি চারজন এবং পিএইচডি ডিগ্রিধারী একজন রয়েছেন।
একমাত্র স্বশিক্ষিত চেয়ারম্যান পদপ্রার্থী এ এফ এম তারেক প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো সার্টিফিকেট নেই। আমি স্বশিক্ষিত। যোগ্যতা না থাকায় হলফনামায় স্বশিক্ষিত লেখা হয়।’
তারেক হংকংয়ে আমদানি রপ্তানির কাজ করেন। সেখানে তিনি সপরিবারে বসবাস করেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, ভোটাররা এবার সৎ, শিক্ষিত এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। ভাইস চেয়ারম্যান পদে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ভালো প্রতিযোগিতা হবে। শিক্ষিত প্রার্থী জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকায় সুষম উন্নয়ন হবে।