কুমিল্লায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর ফাঁসি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আবদুস সালাম নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর স্ত্রী শাহীনা আক্তারকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শাহীনা আক্তার (২৯) পলাতক রয়েছেন। তিনি দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের আবদুল আজিজ ভূঞার মেয়ে। গতকাল আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর রাতে আবদুস সালামের লাশ দাউদকান্দির মালিগাঁও গ্রামে তাঁর বাড়ির পাশে পাওয়া যায়। এই ঘটনায় পরদিন সালামের মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এ ঘটনায় নিহত সালামের স্ত্রী শাহীনা আক্তার ও মাসুদ আলম (৩০) নামের এক ব্যক্তির সংশ্লিষ্টতা পান। পরে মাসুদ আলমকে গ্রেপ্তার করে দাউদকান্দি থানা-পুলিশ। এরপর তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতে অভিযোগপত্র দাখিলের আগেই মাসুদ কারাগারে আত্মহত্যা করেন। ২০০৭ সালের ২৪ জানুয়ারি শাহীনা আক্তারকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর এ মামলায় রাষ্ট্রপক্ষ ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। গতকাল এ মামলার রায় ঘোষণা করা হয়।