কুমিল্লায় স্বাস্থ্যসেবার নমুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সের চারতলার ৪০৭ নম্বর কক্ষ থেকে ৪১১ নম্বর কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের কার্যক্রম চলছে। পাঁচটি কক্ষ নিয়ে গোটা উপজেলার প্রায় চার লাখ বাসিন্দার স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। এর একটি কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অন্য কক্ষে চিকিৎসকেরা বসেন। আরেকটি কক্ষ বৈঠকঘর ও বাকি দুটি কক্ষ স্টোররুম হিসেবে ব্যবহূত হচ্ছে; কিন্তু সেখানে রোগীরা কোনো সেবা পাচ্ছে না। নেই পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধপত্র।জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ নির্ধারিত সময়ের ৩২ মাস পরও শেষ হয়নি। এ অবস্থায় আগামী ১ মার্চের মধ্যে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম উপজেলা কমপ্লেক্স থেকে সরানোর নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। গত ২৮ জানুয়ারি সদর দক্ষিণ উপজেলা পরিষদের মাসিক সভায় ওই নির্দেশ দেওয়া হয়।তথ্যানুসন্ধানে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদ এলাকায় ২০০৬ সালের ২৮ জুন ৩১ শয্যাবিশিষ্ট কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হয়। কাজটি পায় রাজধানী ঢাকার গুলশানের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আজাদ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। সাত কোটি ৬০ লাখ ৪১ হাজার ১৪০ দশমিক ৬৯ টাকা ব্যয়ে নির্মাণাধীন তিনতলাবিশিষ্ট ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ ২০০৮ সালের ৪ মে শেষ হওয়ার কথা; কিন্তু নির্ধারিত সময়ের ৩২ মাস পরও ঠিকাদারি প্রতিষ্ঠান ওই কাজ শেষ করতে পারেনি। এ পর্যন্ত ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৯ বার তাগাদাপত্র দেওয়া হয়েছে। সর্বশেষ চলতি বছরের ৩ জানুয়ারি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়, কিন্তু তাতেও কোনো সাড়া মেলেনি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ২০১০ সালের ২৬ মে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে একটি চিঠি দেন। চিঠিতে কমপ্লেক্সের মাটি ভরাট করার জন্য ওই এলাকায় পুকুর বা ডোবা খননের দাবি জানানো হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, ‘ওই ঠিকাদারকে চলতি বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ করার জন্য বলা হয়েছে, কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো সাড়া দেননি।’সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান তিনতলাবিশিষ্ট ভবনের কাজ শেষ করেছে। তবে ভবনের নিচে মাটি ভরাট হয়নি। গভীর নলকূপও স্থাপন করেনি। এমনকি সীমানাপ্রাচীরও তৈরি করা হয়নি। এ অবস্থায় ৮১ দশমিক ৫ শতাংশ কাজ হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সরকারি প্রতিবেদনেও ওই তথ্যের মিল রয়েছে।এদিকে হাসপাতালের চিকিৎসকদের ১০টি পদের মধ্যে বর্তমানে ছয়টি পদই শূন্য। চারজন চিকিৎসক দিয়ে কার্যক্রম চলছে। হাসপাতালের ১২৩টি পদের মধ্যে ১৮টি পদই খালি রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে; কিন্তু রোগীদের কুমিল্লা শহর, দাউদকান্দি, চান্দিনা ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া ছাড়া কোনো পথ নেই। অথচ সদর দক্ষিণ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থাকলে রোগীরা সেবা পেত। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক স্বপন কুমার বর্ধন বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ না করার কারণে আমরা নিজস্ব ভবনে যেতে পারছি না। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান আমাদের কক্ষ ছেড়ে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন। এখন আমাদের রাস্তায় নেমে পড়া ছাড়া আর কোনো গতি নেই।’ এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সদর দক্ষিণ উপজেলার ইউএনও মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ‘উপজেলা পরিষদের অধিভুক্ত অনেক প্রতিষ্ঠান এখন পর্যন্ত মূল কমপ্লেক্সে আসতে পারেনি। এমনকি এক কক্ষে দুই অফিসের কার্যক্রম চলছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।’কুমিল্লা জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন সমীর কান্তি সরকার প্রথম আলোকে বলেন, ‘ওই হাসপাতালে চিকিৎসকের সব পদই পূর্ণ আছে। যাঁদের সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা প্রেষণে কুমিল্লার বিভিন্ন সরকারি হাসপাতালে কাজ করছেন।’