কুমিল্লায় সড়ক অবরোধ, আটক ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় আজ সোমবার জামায়াতের ডাকা হরতাল চলাকালে সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৪ জনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোরে কুমিল্লার সাতটি উপজেলায় বিভিন্ন সড়কে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন। তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০টির বেশি রাবার বুলেট ছুড়েছে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার নোয়াগাঁও চৌমুহনী এলাকায় ভোরে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২১টি রাবার বুলেট ছোড়ে। পরে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলো ডটকমকে বলেন, সকালে নোয়াগাঁও চৌমুহনী এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

সকালে সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, দেবিদ্বার ও মনোহরগঞ্জে সহিংসতার খবর পাওয়া গেছে।