কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত, অবরোধ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুল হোসেন পাটোয়ারী (৫৫) ট্রাকচাপায় নিহত হয়েছেন। গতকাল সোমবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথের পেটুয়া এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে ইউপি চেয়ারম্যান সফিকুল হোসেন পাটোয়ারী মোটরসাইকেলে করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় বিক্ষুব্ধ জনতা ইউপি চেয়ারম্যানকে চাপা দেওয়া ট্রাকসহ তিনটি ট্রাকে অগ্নিসংযোগ করে। এ ছাড়া দুটি বাস ও একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করা হয়।সংবাদ পেয়ে লাকসাম থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে এলেও বিক্ষুব্ধ জনতার বাধার মুখে প্রথমে তাঁরা ফিরে যান। পরে তাঁরা আবার এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ জাহিদুর রহমান, মনোহরগঞ্জ থানার ওসি দুলাল মাহমুদ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। এ সময় তাঁরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। পরে বেলা আড়াইটার দিকে জনতা অবরোধ তুলে নেয়।চৌদ্দগ্রামে নিহত ৪: চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের সৈয়দপুর এলাকায় গতকাল বিকেলে একটি চালবাহী ট্রাক উল্টে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: জয়পুরহাটের কালাইয়ের কুসুমসাড়ার নাজমুল হোসেন (৪৫), সাজ্জাদুল (৩৮), সাইদুল ইসলাম সাহা (২৫) ও রাজু (২৪)। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বগুড়া থেকে চট্টগ্রামগামী একটি চালবাহী ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ১৪ জন গাড়ির নিচে চাপা পড়েন। এতে চারজন ঘটনাস্থলে নিহত ও অপর ১০ জন আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।