কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের এক চালকসহ দুজন নিহত হয়েছেন। দাউদকান্দিতে গতকাল ট্রাকের চাপায় একজন মারা গেছেন।
নিহত ব্যক্তিরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার মতিয়াতলি গ্রামের বেলাল মিয়া (৪৩), নারায়ণগঞ্জের বন্দর থানার গোকুন্দা শেরবাগ এলাকার মাসুম মুন্সী (২৮) ও দাউদকান্দি উপজেলার উত্তর হাসানপুর গ্রামের আবদুল জব্বার (৬০)।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম থানাসংলগ্ন নতুন সড়কে বেলাল মিয়াকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে বেলাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি চৌদ্দগ্রাম বাজারের হীরা এন্টারপ্রাইজের শ্রমিক ছিলেন। এ ঘটনায় ট্রাকের চালক মানিককে আটক করেছে পুলিশ। গতকাল সকাল ছয়টায় আমানগন্ডা এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় কাভার্ড ভ্যানের (হেলপার) মাসুম সড়কে পড়ে নিহত হন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বিকেল তিনটার দিকে আবদুল জব্বার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কের শহীদনগর এলাকার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় কুমিল্লাগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে গেছেন। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি নিয়ে স্বজনেরা জব্বারের লাশ নিয়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়েদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।