কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় চার বাসযাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাত তিনটা ৪৫ মিনিটে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুল হাই (৪৫), একই জেলার বেগমগঞ্জ উপজেলার এখলাছপুর গ্রামের কবির আহমেদ (৩৫), নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার আখতারুজ্জামান (৩২) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্যম সোনাপুর গ্রামের মামুন মিয়া (৩০)। নিহত ব্যক্তিদের মরদেহ গতকাল শনিবার সন্ধ্যায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে নিশ্চিত করেন। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আহমেদ বলেন, ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জগামী আল-বারাকা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-১৪২৭) একটি বাস কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সৈয়দপুর এলাকায় এলে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। এ দুর্ঘটনায় আহত হন রামগঞ্জ সদরের ফরিদ মিয়া (৪০), আনোয়ার হোসেন (৩৭), সামছু মিয়া (৩৪) ও কবির হোসেনসহ কমপক্ষে ১০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে আরও বলেন, ‘ঘন কুয়াশার কারণে বাসটি সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে পায়নি, যে কারণে ওই দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’