কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে চার ব্যক্তি নিহত এবং আহত হয়েছে ১০ জন। গত রোববার সকাল সাড়ে সাতটায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক ময়মনসিংয়ের ফুলপুর উপজেলার তারাকান্দা গ্রামের মো. শাহজাহান (৩৫), তাঁর সহকারী গোলাম মোস্তফা (৩২), আরেক সহকারী হুমায়ুন কবীর (২০) এবং বাসের অজ্ঞাতনামা এক যাত্রী।পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে সাতটায় কুমিল্লা লালবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে চট্টগ্রামগামী চাঁদপুরের বিলাস পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই হতাহতের ঘটনা ঘটে। আহত যাত্রীদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।