কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার পায়ব গ্রামের সেতুর পাশে পণ্যবোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল নয়টার দিকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মুরাদনগর উপজেলার কাচারকান্দি গ্রামের আবদুল লতিফ মিয়ার দুই ছেলে সিএনজি অটোরিকশা চালক মো. রুবেল (৩৫) ও মো. সোহেল (৩২), পাঁচপুকুরিয়া গ্রামের নাছিমা বেগম (৩৫), তাঁর স্বামী সোহাগ মিয়া (৪০) এবং একই গ্রামের আবদুল মান্নান (৬৫)। এ ছাড়া দুর্ঘটনায় পাঁচপুকুরিয়া গ্রামের মো. হিমেল (১২) গুরুতর আহত হয়েছে। আহত হিমেলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলার পান্নারপুল থেকে আসা একটি ট্রাক আজ সকাল নয়টার দিকে পায়ব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মো. সোহেলের মৃত্যু হয়। আহত অবস্থায় রুবেলকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সোহাগ, হিমেল, নাছিমা ও মান্নানকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল, নাছিমা, মান্নান ও সোহাগ।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ শনাক্ত করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও অটোরিকশা আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুরাদনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের দাফন ও আহতের চিকিৎসার জন্য পরিবার প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা অনুদান দিয়েছেন।