কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং ও দাউদকান্দি উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও এক কলেজছাত্রীসহ নয় নিহত হয়েছেন। একই দিন টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় গতকাল ময়মনসিংহের নান্দাইলে এক মুক্তিযোদ্ধা ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুমিল্লা: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি থেকে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস বুড়িচংয়ের হরিণধরা দিয়ে যাচ্ছিল। ওই সময়ে একই সড়ক দিয়ে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা কুমিল্লা সেনানিবাসের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাসটি অটোরিকশাকে চাপা দিলে বাস ও অটোরিকশা উল্টে পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী ও বাসের দুই যাত্রী নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়। নিহত ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার সাবেক ইউপি সদস্য জিয়াপুর গ্রামের বাসিন্দা শাহ আলম (৪৫), একই উপজেলার সুনদ্রম গ্রামের মুজিবুর রহমান (৩৫), পারুয়ারা গ্রামের শাহ আলম (৩৫), শরীফপুর গ্রামের বাসিন্দা কুমিল্লা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (১৬), কুমিল্লা আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের শাকিল আহমেদ (১৯) ও ব্রাহ্মণপাড়া সদরের রুবেল মিয়া (২৩)। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শাহরাস্তি (চাঁদপুর): নিহত ব্যক্তিদের পরিবার ও এলাকাবাসী জানায়, গতকাল ভোরে শাহরাস্তি থেকে মাইক্রোবাসযোগে ডেসটিনি-২০০০ লিমিটেডের সেমিনারে ঢাকা যাওয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে দাউদকান্দির ঝিংলাতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের শাহাদাত হোসেন (১৯) নিহত হন। গুরুতর আহত দেবকরা গ্রামের কলেজছাত্র আজাদ হোসেন (১৮) ও কচুয়া উপজেলার পাড়াগাঁও প্রধানিয়া বাড়ির আবু সাঈদকে (২২) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ সময় রাসেল, রুবেল, ফজলু ও অজ্ঞাতনামা আরও চারজন আহত হয়।টাঙ্গাইল: পুলিশ জানায়, ওই দুজন প্রকৃতির ডাকে সাড়া দিতে ভোরে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় রেললাইনে যান। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেনে কাটা পড়ে তাঁদের সারা শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের নাম মিঠু শেখ (৩২)। তিনি চট্টগ্রামে জাহাজভাঙা শিল্পের শ্রমিক। তাঁর বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশায়। তাৎক্ষণিকভাবে অপরজনের (৩৫) পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নান্দাইল (ময়মনসিংহ): প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে নান্দাইল পৌর এলাকার নওয়াবাড়ি সেতুর কাছে একটি টক্কা (ঢাকনা দেওয়া যাত্রীবাহী যান) ও একটি ডিমবোঝাই নছিমন উল্টে পথচারীদের ওপরে পড়ে। এতে মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ ছয়জন আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মফিজ মারা যান। আহত দিদার আলম, কাসেম, ফারুক, কাঞ্চন মিয়া ও রেজিয়া খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফটিকছড়ি (চট্টগ্রাম): প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদর থেকে মোটরসাইকেলে নাজিরহাট যাওয়া পথে ব্রাহ্মণহাট রাস্তার মাথায় ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো. জাকারিয়া হোসেন (১৮) ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হয়েছেন একই গ্রামের মো. নুরুল হুদা। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) রূপলচন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।