কুমিল্লায় হচ্ছে শচীন উৎসব
উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মনের বাড়িতে ৬০ বছর পর বসছে গান ও নাচের আসর। কাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লা নগরের উত্তর চর্থা এলাকার বাগানঘেরা শচীন-কর্তার নিজ বাড়ির আঙিনায় এ উৎসব হচ্ছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ উৎসব হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জানতে চাইলে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, দীর্ঘ ৬০ বছর পর শচীন-কর্তার গানে ও নাচে মুখর হবে তাঁর বাড়ি। বর্তমান সরকার ওই বাড়ির ৭৩ শতক জায়গা নিয়ে একটি সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করছে। গত ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ওই কেন্দ্র নির্মাণ করা হবে। এর আগে ২৪ মার্চ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ওই বাড়ি পরিদর্শন করেন। এরপর সংস্কৃতি মন্ত্রণালয় বাড়িটিকে ঘিরে সাংস্কৃতিক কেন্দ্র তৈরির উদ্যোগ নেয়।
আয়োজকেরা জানিয়েছেন, শচীন উৎসবের উদ্বোধন করবেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, শচীন দেববর্মনের গানের শিল্পী কিরণ চন্দ্র রায়, অজিত গুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ হাসান ইমাম মজুমদার।
কুমিল্লার বিশিষ্ট সংস্কৃতিকর্মী দিলনাশি মোহসেন বলেন, দীর্ঘদিন পর শচীন-কর্তার গান হবে। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। এই উৎসবের মধ্য দিয়ে কুমিল্লাবাসী ওই গুণী শিল্পীর কিছুটা হলেও ঋণ স্বীকার করবে। ওই বাড়িতে বসেই তিনি বেশির ভাগ গান সুর করেছেন।