কুমিল্লায় হরতাল প্রত্যাখ্যান
কুমিল্লা জেলায় জামায়াত-শিবিরের ডাকা আধা বেলা হরতাল প্রত্যাখ্যান করেছেন সর্বস্তরের মানুষ। সকাল থেকেই জেলায় মানুষের জীবনযাত্রা ছিল একেবারেই স্বাভাবিক।গতকাল মঙ্গলবার জামায়াত-শিবিরের ডাকা আধা বেলা হরতালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে। অফিস, আদালত, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ছিল অন্য দিনের মতোই। নগরের কোথাও হরতাল পালনকারীদের দেখা মেলেনি। নগরের কান্দিরপাড়ে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সকাল ১০টায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে পূবালী চত্বরে হরতালবিরোধী প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা সফিকুল ইসলাম শিকদার। তবে সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ঝাগুরজুলি এলাকায় একটি কাভার্ড-ভ্যানে আগুন ধরিয়ে দেন মোটরসাইকেল আরোহী দুই শিবির কর্মী। পরে এলাকাবাসী তাৎক্ষণিক-ভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।