কুমিল্লায় হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে একজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শহরতলির চানপুরে পূর্বশত্রুতা ও চাঁদা না দেওয়ায় প্রবাসফেরত ব্যবসায়ী সাদেক আলী খন্দকারকে (৫০) হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে আনা হলে আহাজারি ও কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ছবিটি গতকাল চানপুর দক্ষিণপাড়া থেকে বিকেলে তোলা l প্রথম আলো
কুমিল্লা শহরতলির চানপুরে পূর্বশত্রুতা ও চাঁদা না দেওয়ায় প্রবাসফেরত ব্যবসায়ী সাদেক আলী খন্দকারকে (৫০) হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে আনা হলে আহাজারি ও কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ছবিটি গতকাল চানপুর দক্ষিণপাড়া থেকে বিকেলে তোলা l প্রথম আলো

চাঁদা না দেওয়ায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের চানপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মো. সাদেক আলী খন্দকার (৫৭) নামের এক ব্যক্তিকে মাথায় হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দুটি দোকানপাট, একটি মোটরসাইকেল ও একটি বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাদেক আলী চানপুর এলাকার প্রয়াত মমতাজ আলী খন্দকারের ছেলে। তিনি ঢাকার মিরপুরে ব্যবসা করতেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার ও তিনজনকে আটক করেছে।
চানপুর এলাকার অন্তত তিনজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাসখানেক আগে সাদেক আলী চানপুর এলাকায় জমি কেনেন। ওই জমিতে ভবন নির্মাণ শুরু করলে বিল্লাল হোসেন এবং তাঁর দুই ছেলেসহ কয়েকজন চাঁদা দাবি করেন। সাদেক আলী চাঁদা দিতে অস্বীকৃতি জানান। গতকাল দুপুরে সাদেক আলী চানপুর এলাকার জামাল হোসেনের দোকানে চা খেতে যান। এ সময় বিল্লাল হোসেন, রিজন, রনি, জামাল, আবদুল মোতালেবসহ কয়েকজন যুবক তাঁর কাছে ফের চাঁদা দাবি করেন। তিনি অপারগতা জানালে যুবকেরা ইট ও হাতুড়ি দিয়ে তাঁর শরীরে আঘাত করেন। একপর্যায়ে দৌড়ে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলে যান তিনি। তখন ওই যুবকেরা তাঁর পিছু নেন। এরপর তাঁকে জাপটে ধরে ইট, হাতুড়ি ও কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত এবং শরীরে পিটিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে আশপাশের লোকজন ও পুলিশ আসে।
পরে বিক্ষুব্ধ জনতা দুটি দোকান, একটি মোটরসাইকেল ও বাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ চানপুর এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বিল্লাল হোসেন (৫৫) ও বিধান (৩৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ ছাড়া বিল্লাল হোসেনের স্ত্রী ও দুই মেয়েকে নিরাপত্তার জন্য থানায় আটক করে নিয়ে আসে।
অভিযোগ প্রসঙ্গে বিল্লাল হোসেন কোতোয়ালি মডেল থানায় গণমাধ্যমকর্মীদের কাছে কোনো মন্তব্য করেননি। তাঁর পরিবারের অন্য সদস্যরা ঘটনার পর বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিল্লাল হোসেন ও বিধানকে গ্রেপ্তার করে। এ ছাড়া বিল্লালের স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদ এবং নিরাপত্তার জন্য থানায় আনা হয়। সাদেক আলীর স্ত্রী ঢাকা থেকে রওনা হয়েছেন। এরপর মামলা হবে।