কুমিল্লায় হাসপাতাল ভাঙচুর চিকিৎসকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমানের অবহেলায় ফরিদ উদ্দিন (৫২) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনেরা গত বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালে ভাঙচুর করে। মামলা সূত্র জানায়, শহরের কাপ্তানবাজার এলাকার বাসিন্দা ফরিদ উদ্দিন অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় লাকসাম সড়কসংলগ্ন সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি ওই হাসপাতালের চিকিৎসক ও কুমিল্লা মেডিকেল কলেজের হূদেরাগ বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের নিয়মিত রোগী ছিলেন। ঘটনার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ ফরিদ উদ্দিনকে বিনা চিকিৎসায় দায়সারাভাবে ফেলে রাখে। এ সময় ওই চিকিৎসক মুঠোফোন বন্ধ করে আটতলার কক্ষে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মারা যান ফরিদ উদ্দিন। এ খবর পেয়ে ক্ষুব্ধ আত্মীয়স্বজন ও এলাকাবাসী ওই হাসপাতালে গিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় কর্তব্যরত একজন চিকিৎসককে মারধর করা হয়। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল শুক্রবার ফরিদ উদ্দিনের দাফন সম্পন্ন হয়।মামলার বাদী রবিউল আলম বলেন, ‘রোগী হাসপাতালে ভর্তির পর চিকিৎসক মিজানুর রহমানের দেখা মেলেনি। অথচ তাঁর সঙ্গে ফোনে আলাপ করেই ওই হাসপাতালে ভর্তি হন ফরিদ।’এ ব্যাপারে চিকিৎসক মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেনের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবু মো. শাহজাহান কবির মামলা ও ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।