কুমিল্লায় হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
কুমিল্লা শহরের কান্দির পাড়ের কাজী অহিদুজ্জামান ম্যানশনের হোটেল অবকাশের ১০৩ নম্বর কক্ষ থেকে মো. নুরুল্লাহ (৫০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল নয়টায় এই লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যবসায়ীর বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার বটায়ারা গ্রামে। অবকাশ হোটেলের ব্যবস্থাপক আল আমিন জানান, মঙ্গলবার রাত নয়টায় ব্যবসায়ী পরিচয় দিয়ে তিনি ওই হোটেলের কক্ষ ভাড়া নেন। গতকাল সকালে হোটেলের বয় ওই কক্ষের দরজায় টোকা দিয়ে কোনো সাড়া পায়নি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে বিছানায় তাঁকে মৃত অবস্থায় দেখতে পায়। মৃতদেহের পাশে ছিল বিষের বোতল। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর গতকাল সন্ধ্যায় লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেন।