কুমিল্লায় ১০ দিনব্যাপী নাট্যোৎসব শুরু
‘রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার কুমিল্লায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী নাট্যোৎসব। কুমিল্লার নাট্য সংগঠন অধুনা থিয়েটারের রজতজয়ন্তী উপলক্ষে ওই উৎসবের আয়োজন করে। উৎসব চলবে ১৯ মার্চ পর্যন্ত।
গতকাল বিকেলে কুমিল্লা নগরের টাউন হল প্রাঙ্গণে অবস্থিত ‘রফিকুল ইসলাম মুক্তমঞ্চে’ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুস সাত্তার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল মো. আক্তারুজ্জামান, রজতজয়ন্তী উৎসবের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন আহমেদ ও অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল হক স্বপন। উদ্বোধনী অনুষ্ঠানে নাট্যজন সৈয়দ হাসান ইমামকে সংবর্ধনা দেওয়া হয়।
উদ্বোধনী পর্বের পর সংগঠনটির পক্ষ থেকে নগরে বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রা বের করা হয়। এরপর সন্ধ্যায় ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো হয়। পরে ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ঘরজামাই মঞ্চস্থ হয়। নাট্যকার মলিয়েরের রচনা ও গোলাম সারোয়ারের নির্দেশনায় ওই নাটক দেখতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হন।