কুমিল্লায় ১৭ দফা দাবিতে তিন হাজার শিক্ষকের সমাবেশ
সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের বেতনবৈষম্য দূরকরণ, চাকরি জাতীয়করণসহ ১৭ দফা দাবিতে কুমিল্লার ১৬টি উপজেলার ৫৩৭টি বিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষক গতকাল বুধবার সমাবেশ করেছেন। সকাল ১০টায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে সমাবেশ শেষে তাঁরা শহরে বিক্ষোভ মিছিল করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি আফছার উদ্দিনের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, আদর্শ সদর উপজেলার সভাপতি মোবারক হোসেন, বরুড়া উপজেলার সাধারণ সম্পাদক আইয়ুব আলী, মনোহরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক শেখ কামাল উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক অলিউল্লাহ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সরকারের সাড়ে তিন বছর পার হলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন কাঠামোয় কোনো পরিবর্তন নেই। ১০০ টাকা দিয়ে বাড়িভাড়া পাওয়া যায় কি না তা সরকারকে বলতে হবে। একই সঙ্গে চিকিৎসাভাতা ১৫০ টাকা দিয়ে চিকিৎসকের ফিও দেওয়া সম্ভব নয়।