ঈদুল ফিতরের চার দিন আগে ও পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার ১০০ কিলোমিটার অংশে যানজট সহনীয় রাখতে ২৩০ জন পুলিশ মোতায়েন করা হবে। একই সঙ্গে মহাসড়কের দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের জন্য চারটি রেকার মেশিন মোতায়েন রাখা হবে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা জেলার যানজট নিয়ন্ত্রণে অনুষ্ঠিত বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে যানজট নিরসন করবে। এ ক্ষেত্রে বাস, ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের তৎপর থাকতে হবে। কুমিল্লার জেলা প্রশাসক ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কুমিল্লা জেলার সভাপতি মো. রেজাউল আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা হাকিম সাঈদ মাহবুব খান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. সাজিদ, উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী, কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী মনসুর ফারুক ও পরিবহন নেতা কবির হোসেন।কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. সাজিদ বলেন, ঈদে জেলা পুলিশের ১৫০ জন এবং হাইওয়ে পুলিশের ৮০ জন সদস্য যানজট নিরসনের জন্য মাঠে থাকবেন।