কুমিল্লায় ২৪ ঘণ্টার মধ্যে বিলবোর্ড ব্যানার অপসারণের নির্দেশ
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ২৭টি ওয়ার্ডে লাগানো বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ২৪ ঘণ্টার মধ্যে এগুলো অপসারণে গতকাল বুধবার নগরে মাইকিং করা হয়েছে।
আগামী ২ মার্চ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৩০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে নগরের বিভিন্ন এলাকায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা দোয়া চেয়ে ব্যানার, পোস্টার, ফেস্টুন সাঁটিয়েছেন। আজ বৃহস্পতিবারের মধ্যে এগুলো অপসারণ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিটার্নিং কর্মকর্তা জানান, কুমিল্লা সিটি করপোরেশনে ২ লাখ ৭ হাজার ৩৮৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৩২৯ জন ও নারী ১ লাখ ৫ হাজার ৫৫ জন। ১০৩টি কেন্দ্রে ভোট হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য নয়জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।