কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

কুমিল্লা জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৪ জনের। গত দুই দিনের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। আজ সোমবার জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২ জন, চান্দিনার ২, বুড়িচং, চৌদ্দগ্রাম, দেবীদ্বার, মেঘনা ও লালমাই উপজেলার ১ জন করে আছেন। গত ২৪ ঘণ্টায় জেলার ৬৬৮টি নমুনা পরীক্ষায় ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৫৫।

গতকাল রোববার ১ হাজার ৩৬০ জনের নমুনার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৫৩ জনের। শনাক্তের হার ১৮ দশমিক ৬। এদিন করোনায় মারা গেছেন চারজন। সুস্থ হয়েছেন ৪১০ জন। গত শনিবার ৭৯৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হলো ১৬২ জনের। শনাক্তের হার ২০ দশমিক ৪। এদিন করোনায় মারা গেছেন চারজন। এ পর্যন্ত জেলায় ৩৬ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ৮৬৯ জন। সুস্থ হয়েছেন ২৪ হাজার ৫৮৫ জন।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, দুই দিন পর আজ করোনা শনাক্তের হার আবার বেড়েছে। মৃত্যুও বেড়েছে। সংকটাপন্ন রোগী থাকায় মৃতের সংখ্যা বেড়েছে। টিকা নিলে ও স্বাস্থ্যবিধি মানলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে।