কুমিল্লায় ৩১৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ছয়টি পৌরসভায় মেয়র পদে ২৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন।
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, কুমিল্লার বরুড়া, লাকসাম, চৌদ্দগ্রাম, চান্দিনা, দাউদকান্দি ও হোমনা পৌরসভায় তফসিল ঘোষণার পর এ পর্যন্ত তিনটি পদে ৩১৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বরুড়া পৌরসভায় মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে সাতজন। লাকসামে মেয়র পদে দুজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ছয়জন। চৌদ্দগ্রামে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৫৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে আটজন। চান্দিনায় মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে সাতজন। দাউদকান্দিতে মেয়র পদে দুজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ছয়জন। হোমনায় মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ছয়জন মনোনয়নপত্র কিনেছেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বড়ুরায় আওয়ামী লীগের ছয়জন, বিএনপি, জাতীয় পার্টি, তরিকত ফেডারেশন, ইসলামী ফ্রন্ট ও স্বতন্ত্র থেকে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।