কুমিল্লায় ৪০ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার
কুমিল্লা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া বাস চলাচল ৪০ ঘণ্টা পর গতকাল বুধবার বিকেল চারটা থেকে আবার শুরু হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হকের হস্তক্ষেপে বাসমালিক ও শ্রমিকেরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। পরিবহন সংগঠন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকে কুমিল্লা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মহানগরের আশ্রাফপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালের সংস্কার, বিদ্যুৎসংকট দূরীকরণ, পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা এবং পুলিশি নিরাপত্তার দাবিতে ওই ধর্মঘট ডাকা হয়। ধর্মঘটের কারণে টার্মিনাল থেকে চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ ২২টি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকে। গতকাল বুধবার দুপুরে মেয়র মো. মনিরুল হক বাস টার্মিনালে যান। এরপর তিনি বিদ্যুতের লাইনের কাজ শুরু করান এবং অন্য দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে পরিবহন মালিক ও শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। এ সময় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি আলী মনসুর ফারুক, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক কামাল হোসেন খন্দকার। জানতে চাইলে মেয়র বলেন, ‘আমি নিজে গিয়ে বিদ্যুৎসংযোগ ঠিক করে দিয়েছি। পর্যায়ক্রমে বাথরুমসহ অন্য দাবি-দাওয়া পূরণ করা হবে। এরই পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।’