কুমিল্লায় ৪৯ মামলার আসামি গ্রেপ্তার
৪৯ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জালাল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ। গতকাল শনিবার ভোরে নগরের সুজানগর এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে ওই মামলাগুলো করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর জালাল উদ্দিন যুবলীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ওই সময় তিনি এক লাখ টাকায় মাসে ১৫ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের একাধিক নেতার কাছ থেকে টাকা নেন। পরে তিনি আরও অর্ধশতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে গা ঢাকা দেন। লভ্যাংশ ও মূলধন না পেয়ে আমানতকারীরা জালালের বিরুদ্ধে ৪৯টি মামলা করেন। এসব মামলায় আদালত তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল ভোর সাড়ে চারটায় কোতোয়ালি থানার পুলিশ জালালের সুজানগরের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল বিকেল চারটায় থানা হেফাজতে থাকা অবস্থায় জালাল উদ্দিন বলেন, ‘টাকা নিয়েছি সত্য, তবে টাকার পরিমাণ অত বেশি নয়।’ কত টাকা নিয়েছেন জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। কোতোয়ালি থানার ওসি জানান, গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে জালাল উদ্দিনকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।