কুমুদিনী হাসপাতালে অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমুদিনী হাসপাতালে চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার ও শ্বাস-প্রশ্বাসের সহায়ক সরঞ্জামসহ চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেছে ভারত।

বৃহস্পতিবার কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং হাসপাতালটির পরিচালক ড. প্রদীপ কুমার রায়ের কাছে এসব চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপহারের অ্যাম্বুলেন্সটি হাসপাতালগামী রোগীদের মানসম্মত জরুরি সেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট দিতে প্যারামেডিক ও প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের সহায়তা করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের মার্চে বাংলাদেশ সফরের সময় ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। তারই অংশ হিসেবে অ্যাম্বুলেন্সটি কুমুদিনী কল্যাণ ট্রাস্টকে দেওয়া হয়েছে।

কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনের সময় ভারতীয় হাইকমিশনার সেখানে দুর্গাপূজার অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন এবং সবাইকে মহানবমীর শুভেচ্ছা জানান। এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।