কুম্ভিরাশ্রু!
‘যে ফারুক মারা গেছে সেই ফারুক ও তাঁর পরিবারকে আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি।’ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর জামায়াত কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন ৮ ফেব্রুয়ারি ছাত্রশিবিরের নেতা-কর্মীদের আক্রমণে নিহত হন। ঘটনার প্রায় ১০০ দিন পর মুজাহিদ গতকাল দাবি করেন, সরকার ফারুকের পরিবারকে কোনো সহায়তা না করায় মানুষের কাছে সন্দেহ তৈরি হয়েছে, ঘটনাটি কারা ঘটিয়েছে। মুজাহিদ দাবি করেন, সরকার রাজনৈতিক উদ্দেশে জামায়াত-শিবিরের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছে। তিনি বলেন, ‘৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল, তার বিচারবিভাগীয় তদন্ত করা হোক। তদন্তে যে বা যারা দোষী প্রমাণ হয়, আইনের অধীনে তার বিচার করুক। কিন্তু সরকার সে দিকে পা বাড়ায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের হল ও মেস থেকে শিবিরকে বের করে দেওয়া হয়েছে।’ জামায়াত নেতাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির মামলা আছে, সেগুলো প্রত্যাহারেরও দাবি করেন মুজাহিদ। তাঁর যুক্তি, নাইকো, গ্যাটকো মামলা উচ্চ আদালত স্থগিত করে দিয়েছেন। অথচ সেই মামলাও সরকার প্রত্যাহার করছে না।আওয়ামী লীগের ছাত্র ও যুবসংগঠনের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে মুজাহিদ বলেন, জনগণ এখন আর সরকারের সঙ্গে নেই, আছে রামদা আর চাপাতি বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদের দমনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ভারতের নাম উল্লেখ না করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্যর্থতার কারণে একটি দেশ তাদের হাইকমিশনের নিরাপত্তার জন্য নিজস্ব নিরাপত্তা বাহিনী আনতে চাচ্ছে।জামায়াতের ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও এ টি এম আজাহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, রেদওয়ানউল্লাহ্ শাহিদী প্রমুখ বক্তব্য রাখেন।