কুমড়া নিয়ে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিক লাভের আশায় চুয়াডাঙ্গার কৃষকেরা বেশি জমিতে মিষ্টিকুমড়ার আবাদ করেছিলেন। কিন্তু বাজারে দাম কমে যাওয়ায় অনেক কম দামে কুমড়া বিক্রি করতে হচ্ছে। এতে লাভের পরিবর্তে তাঁদের এখন হাজার হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গত মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় কৃষকেরা এক হাজার ৫৯৫ হেক্টর জমিতে মিষ্টিকুমড়ার আবাদ করেছিলেন। মাঠ থেকেই সব আগাম বিক্রি হয়ে গিয়েছিল। কৃষকেরা লাভও করেছিলেন বেশ। এ বছর অধিক লাভের আশায় সারা জেলায় প্রায় দ্বিগুণ জমি, অর্থাৎ দুই হাজার ৮৮৫ হেক্টর জমিতে কুমড়ার আবাদ হয়েছে। তবে এবার শুরু থেকেই ক্রেতারা খেতে যাচ্ছেন না। এ কারণে অর্ধেকেরও বেশি জমির মিষ্টিকুমড়া এখনো খেতে পড়ে আছে।চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কৃষক এস এম শরীফ উদ্দীন ওরফে হাসু মিয়া জানান, তিনি গত মৌসুমে ১৮ বিঘা জমিতে কুমড়ার আবাদ করেছিলেন। সব মিলিয়ে ৭৫ হাজার টাকা খরচ হয়েছিল তাঁর। সে সময় এক লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করে লাভ হয়েছিল ৫০ হাজার টাকা। এবারও তিনি ১৮ বিঘা জমিতে ৭৮ হাজার টাকা খরচ করে কুমড়া আবাদ করেছেন। দাম কমে যাওয়ায় এবার তিনি মাত্র ৪০ হাজার টাকায় কুমড়া বিক্রি করেছেন। এতে তাঁর ৩৮ হাজার টাকা লোকসান হয়েছে।হাসু মিয়ার মতো এবার সদর উপজেলার হিজলগাড়ী গ্রামের আলী হোসেন, হাসিবুল ইসলাম ও শহীদুল ইসলামের লোকসান হয়েছে। তাঁরা জানান, গত বছর প্রতি বিঘা জমির কুমড়া ১০-১২ হাজার টাকায় বিক্রি হলেও এবার দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করতে তাঁরা বাধ্য হয়েছেন।চুয়াডাঙ্গা থেকে মিষ্টিকুমড়া পাইকারি কিনে ঢাকার কারওয়ান বাজারের আড়তে বিক্রি করছেন সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের মাহবুবুল আলম নামের এক বেপারী। তিনি বলেন, ‘গেল বছর এক ট্রাক কুমড়ো ৫০ হাজার তি শুরু কইরে এক লাক ১৮ হাজার টাকা পর্যন্ত বেচেলাম। এবেড্ডা (এ বছর) ৩০ হাজারের উপরে দাম উটিনি।’চুয়াডাঙ্গা বড় বাজারের কাঁচামালের আড়তদার শাহ আলম বলেন, ‘গেল বছর ১০ কেজি কুমড়ো বিক্রি হলিও এবেড্ডা দুই টাকা কেজিতেও বিক্রি হচ্ছে না।’