কুমড়াবড়ি বানিয়ে দারিদ্র্যজয়ের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশাপাশি আট-দশটি গ্রাম। ঘরে ঘরে চলছে কুমড়াবড়ি তৈরির ধুম। দরিদ্র নারীরা দিন-রাত এ কাজে ব্যস্ত। এসব বড়ি হাটবাজারে বিক্রি করা হবে। লাভের টাকায় চলবে সংসার। এভাবে কুমড়া-বড়ি তৈরির আয় দিয়ে দারিদ্র্য ঘোচানোর সংগ্রাম করছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের নারীরা। অগ্রহায়ণ, পৌষ, মাঘ ও ফাল্গুন—এই চার মাস চলে তাঁদের কাজ। শীত মৌসুম শেষে তাঁরা অন্য কাজে মনোনিবেশ করেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শীতের শাকসবজির সঙ্গে কুমড়া-বড়ির স্বাদই অন্যরকম। এ জন্য শীত এলেই উত্তরাঞ্চলের হাটবাজারে কুমড়া-বড়ির কদর বেড়ে যায়। তাই গ্রামের নারীদের মধ্যে কুমড়া তৈরির ধুম পড়ে যায়। জানা গেছে, ১০-১৫ বছর থেকেই নুন্দহ, কল্যাণনগর, হাটধুমাসহ আশপাশের প্রায় দশ গ্রামের নারীরা কুমড়া-বড়ি তৈরির সঙ্গে জড়িয়ে আছেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নারীরা এ পেশার মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন। এই নারীরা এখন কুমড়াবড়ি তৈরির পাকা কারিগর। এর খ্যাতি ছড়িয়ে পড়েছে বগুড়াসহ আশপাশের বিভিন্ন জেলায়।
হাটধুমা গ্রামের হাজেরা বেগম জানান, কুমড়া-বড়ি তৈরির প্রধান উপাদান মাষকলাইয়ের ডাল। সারা রাত পানিতে ভিজিয়ে রাখার পর ডালের সঙ্গে চাল মিশিয়ে পেষা হয়। এরপর চালকুমড়ার সঙ্গে মিশিয়ে খামির করে বড়ি বানানো হয়। পরে সেগুলো রোদে শুকানো হয় এবং বিক্রির জন্য বাজারে নেওয়া হয়। ব্যবসায়ীরাও বাড়ি বাড়ি গিয়ে কুমড়া-বড়ি কিনে নিয়ে যান।
কল্যাণনগর গ্রামের হৈমন্তী বালা বলেন, এক কেজি কুমড়া-বড়ি বানাতে গড়ে ১০০ টাকা খরচ হয়। বিক্রি হয় ১৮০ থেকে ২০০ টাকায়। কুমড়া-বড়ির ব্যবসায়ী কার্তিক চন্দ্র বলেন, বাজারে ভালো মানের কুমড়া-বড়ি প্রতি কেজি ২৫০ টাকায় বিক্রি হয়।
হাটধুমা গ্রামের গৃহবধূ আছিয়া বেগম বলেন, বছরের চার মাস কুমড়া-বড়ি বিক্রির আয় দিয়ে তাঁর সংসার চলে। পরিবারের খাবারের সংস্থানও হচ্ছে এখান থেকে। ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম তৌফিকুল ইসলাম বলেন, শীত মৌসুম এলেই কুমড়াবড়ি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন এলাকার দরিদ্র নারীরা। এর আয় দিয়ে তাঁরা দারিদ্র্য জয়ের চেষ্টা করছেন। এই উদ্যোগ সত্যিই অনুকরণ করার মতো।