কুমড়ো বড়িতে অভাব দূর

বড় মাছের যে স্বাদ, এর সঙ্গে কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে স্বাদ ঢের বেশি হয়। আবার মাষকলাইয়ের ডালে কুমড়ো বড়ি দিলে শুধু ডাল দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায়। কুমড়ো বড়ি ভেজে ভর্তা করলে এর স্বাদও মুখে লেগে থাকে। এ ছাড়া শীতকালে তরকারির সঙ্গে কুমড়ো বড়ির স্বাদই আলাদা।
স্বাদের কারণে কুমড়ো বড়ির চাহিদাও বেশ। তাই বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ার সাবলা গ্রামের হিন্দু নারীরা শীতকালে কুমড়ো বড়ি বানিয়েই সারা বছরের খোরাকি তুলে নেন। এতে তাঁদের অভাব দূর হয়েছে। শুধু এ গ্রাম নয়, তালোড়ার লাফাপাড়া, সদরের লক্ষ্মীতলা, চামরুলের বাঁকপালের হিন্দুপাড়া ও গুনাহারের কেউত সূয্যতা গ্রামের নারীরা শীতকালে এই কুমড়ো বড়ি বানিয়ে অভাব দূর করেছেন।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, তালোড়া বাজার থেকে দুই কিলোমিটার দূরেই সাবলা গ্রাম। গ্রামে ঢোকার পথেই রাস্তার দুই পাশে চিকন বাঁশের খিল দিয়ে তৈরি করা মাচায় সাদা ধবধবে কুমড়ো বড়ি শুকানো হচ্ছে। আবার কোথাও রাস্তার পাশে মাটিতে বাঁশের মাচায় কুমড়ো বড়ি রাখা হয়েছে। গ্রামজুড়ে সাদা ধবধবে শুধুই কুমড়ো বড়ি। এ গ্রামের নারীদের কেউবা কুমড়ো বড়ি তৈরির কাজে ব্যস্ত, কেউবা তা শুকানো নিয়ে ব্যস্ত।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কার্তিক থেকে ফাল্গুন (১৫ অক্টোবর থেকে ১৫ মার্চ) মাস পর্যন্ত কুমড়ো বড়ি তৈরি ও বিক্রির ব্যবসা জোরেশোরে চলে। নারীরা ঘর গোছানো আর গৃহস্থালির কাজের পাশাপাশি এ পেশায় মনোযোগী হওয়ায় এ পাঁচ মাসে তাঁরা সারা বছরের খোরাকি তুলে নেন। কুমড়ো বড়ি তৈরির প্রধান উপকরণ মাষকলাইয়ের ডাল, মাচার কুমড়ো, কালিজিরা ও মসলা। বাজার থেকে কালিজিরা কিনে তা রোদে শুকিয়ে জাঁতায় পিষে ঝারা হয়। তারপর পানিতে সব উপাদান মিশিয়ে কুমড়ো বড়ি বানানো হয়।
সাবলা গ্রামের নারী সুষমা রানী মহন্ত বলেন, তাঁর স্বামী খেত-খামারে কাজ করেন। আগে সংসার ভালো যেত না। কয়েক বছর ধরে কুমড়ো বড়ি বানিয়ে বাচ্চার পড়াশোনার ও সংসার খরচ চালাচ্ছেন। ছেলেমেয়ে আর স্বামীর সাহায্য নিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ কেজি কুমড়ো বড়ি তৈরি করা যায়। ভালো মানের কুমড়ো বড়ি বানাতে পারলে হাটবাজারে নিয়ে বিক্রির দরকার হয় না। বাড়িতে এসেই পাইকারেরা নিয়ে যান। কুমড়ো বড়ি বানিয়ে এ গ্রামের ৫০ থেকে ৬০টি পরিবার আজ সুখের নাগাল পেয়েছে।
আরেক নারী কৃষ্ণা রানী দাস বলেন, তাঁর স্বামী সারা দিন নদী ও ডোবায় মাছ মেরে তা বাজারে বিক্রি করে কোনোমতে সংসার চালাতেন। তিন বছর ধরে কুমড়ো বড়ি বানিয়ে সংসারের হাল পাল্টে দিয়েছেন। আগে শীতে এ খাবারের চাহিদা ছিল। এখন সারা বছরই লোকজন কুমড়ো বড়ির খোঁজ করেন।
সাবালা গ্রামের পাশেই লাফাপাড়া গ্রাম। এ গ্রামে কুমড়ো বড়ি বেচাকেনা করেন বীরেন চন্দ্র দাস। তিনি বলেন, ‘মানভেদে কেজিপ্রতি ১৫০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করা হয়। গত বছর ভালো মানের কুমড়ো বড়ি কেজিপ্রতি ২০০ টাকা ছিল। এবার বিক্রি করা হচ্ছে ২৫০ টাকায়।
তালোড়া পৌরসভার মেয়র আবদুল জলিল বলেন, তালোড়ার তিন-চারটি গ্রামের নারীরা কুমড়ো বড়ি তৈরির কাজ করেন। আগে তো ওই সব গ্রামে সারা বছরই অভাব লেগে থাকত। এখন নারীরা গ্রাম থেকে অভাব তাড়িয়েছেন।