কুয়াকাটা সড়কের তিন সেতু নির্মাণে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনকেন্দ্র কুয়াকাটা সড়কে তিনটি সেতুর নির্মাণকাজ চলছে ধীরগতিতে। কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তিন সেতুর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তবে বরাদ্দের অভাবে নির্মাণকাজ পরিকল্পনা অনুযায়ী খুব একটা এগোয়নি। এতে পর্যটনশিল্প ও মৎস্য ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন।
পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্র জানায়, সেতু তিনটির মধ্যে কুয়াকাটার মহিপুর-আলীপুর শিববাড়িয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর নামকরণ করা হয়েছে ‘শহীদ শেখ রাসেল সেতু’। এর দৈর্ঘ্য ৪০৮ দশমিক ৩৬ মিটার। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার টাকা। ২০০৯ সালের ৬ অক্টোবর ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স লিমিটেড কার্যাদেশ পায়। গত বছরের ৫ অক্টোবর এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় আগামী বছরের ৯ অক্টোবর পর্যন্ত সময় বর্ধিত করা হয়।
কলাপাড়ার আন্দারমানিক নদীর ওপর সেতুর নামকরণ করা হয়েছে ‘শহীদ শেখ কামাল সেতু’। এর দৈর্ঘ্য ৮৯১ দশমিক ৭৬ মিটার। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি এক লাখ ৮৫ হাজার টাকা। ২০১১ সালের ১২ জুন কার্যাদেশ দেওয়ার পর এর নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরের ১১ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা। ইতিমধ্যে মাত্র ৫৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
হাজীপুরে সোনাতলা নদীর ওপর নির্মাণাধীন সেতুর নামকরণ করা হয়েছে ‘শহীদ শেখ জামাল সেতু’। এর দৈর্ঘ্য ৪৮২ দশমিক ৩৭৫ মিটার। ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার টাকা। আগামী বছরের ৬ সেপ্টেম্বর সেতু নির্মাণের কাজ শেষ হওয়া কথা। কিন্তু এ পর্যন্ত মাত্র ৪৪ শতাংশ কাজ শেষ হয়েছে।
মহিপুর মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দাস বলেন, ‘সেতুর কাজ শেষ না হওয়ায় আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ সেতু না হওয়ায় সাগর থেকে আহরিত মাছ দ্রুত বাজারজাত করা যাচ্ছে না। মৎস্য রপ্তানির স্বার্থে অবিলম্বে সেতু তিনটির কাজ শেষ হওয়া প্রয়োজন।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ থাকলেও শুধু যোগাযোগ সমস্যার কারণে অনেকেই কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কারণ, কলাপাড়া-কুয়াকাটা সড়কের মাত্র ২২ কিলোমিটারে তিনটি ফেরি একবার যিনি পার হয়েছেন, তিনি পরে আর আসতে চান না।
শেখ কামাল ও শেখ জামাল সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান মহিউদ্দিন বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প কর্মকর্তা প্রণব কুমার সাহা বলেন, আসলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় সময়মতো সেতু নির্মাণের কাজ শেষ করা সম্ভব হচ্ছে না।
সড়ক ও জনপথ অধিদপ্তর পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার প্রথম আলোকে বলেন, তিন সেতুর নির্মাণ প্রকল্পে গত তিন অর্থবছরে বরাদ্দ পাওয়া গেছে ৬৯ কোটি ২৫ লাখ টাকা। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে চলতি অর্থবছরে ৪৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।