কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু কাটা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে আবারও অবৈধভাবে বালু কাটা শুরু হয়েছে। কুয়াকাটার একটি চিহ্নিত চক্র তিন দিন ধরে বালু কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুয়াকাটার হোটেল ক্যাসেল ড্রিম আর হোটেল সাগরকন্যার ঠিক উল্টো দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে এই বালু কাটা চলছে। কয়েকজন শ্রমিককে বালু কেটে ট্রলিতে তুলতে দেখা যায়। ইতিমধ্যে দুটি বালুর উঁচু স্তূপ কেটে নেওয়া হয়েছে।
বালু কাটা কাজের সঙ্গে জড়িত শহিদুল ইসলাম হাওলাদার জানান, কুয়াকাটা পৌর যুবলীগের সভাপতি সাগর মোল্লা, পৌরসভার প্যানেল সদস্য শাহ আলম হাওলাদার এবং কুয়াকাটার হোটেল ব্যবসায়ী মোতালেব শরিফ কুয়াকাটা জামে মসজিদের কাজের জন্য এই বালু কেটে নিতে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা কাম কইর‌্যা পয়সা পাই। এইহানে আমার কী দোষ আছে কন?’
অপর একটি সূত্রে জানা গেছে, কুয়াকাটা জামে মসজিদের নাম করে বালু কাটা হলেও মসজিদের চাহিদার চেয়েও বেশি পরিমাণ বালু কেটে নেওয়া হয়েছে। কুয়াকাটা উন্নয়ন সোসাইটির (কেডিএস) নির্বাহী পরিচালক রুমঞ্চান ইমতিয়াজ তুষার বলেন, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বালুর স্তূপ কেটে নেওয়া হলে কুয়াকাটা সৈকত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কুয়াকাটার স্বার্থে এসব অবৈধ কাজ বন্ধ করা উচিত।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ইতিমধ্যেই বালু কাটার কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি।’