কুয়াকাটাকে থানা ঘোষণার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভাকে প্রশাসনিক থানা ঘোষণার দাবিতে গতকাল বুধবার সকালে কুয়াকাটা সৈকতসংলগ্ন মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

কুয়াকাটা থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দুপুরে একই দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচিতে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ব্যবসায়ীসহ লতাচাপলী ও ধুলাসার ইউনিয়নের কয়েক শ মানুষ অংশ নেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে কুয়াকাটা থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুল বারেক মোল্লা বলেন, পর্যটনকেন্দ্র কুয়াকাটা দেশ-বিদেশে ব্যাপক পরিচিত। ব্যবসায়ীরা কোটি কোটি টাকা কুয়াকাটায় বিনিয়োগ করছেন। সমাবেশ থেকে কুয়াকাটা পুলিশ ফাঁড়ি ভবনে একটি থানা প্রতিস্থাপনের মাধ্যমে কুয়াকাটাকে প্রশাসনিক থানা ঘোষণার দাবি জানানো হয়।