কুয়াকাটায় নিখোঁজ মেডিকেল ছাত্রের মৃতদেহ উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের ছাত্র মাহামুদুল হাসান মামুনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল চারটার সময় সমুদ্রসৈকত কুয়াকাটার পশ্চিম কুয়াকাটা এলাকায় সাগরবক্ষে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল বলেন, পশ্চিম কুয়াকাটাসংলগ্ন সাগরবক্ষে একটি মৃতদেহ ভাসতে দেখে জেলেরা পুলিশে খবর দেন। তাঁরা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে জেলেদের সহায়তায় সাগরবক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করেন। ইতিমধ্যে সেখানে উপস্থিত হওয়া মামুনের বাবা মো. আবুল হোসেন মৃতদেহটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন।
গত বৃহস্পতিবার যুব রেড ক্রিসেন্টের সৌজন্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ৫১ জন শিক্ষার্থী সমুদ্রসৈকত কুয়াকাটায় ভ্রমণে আসেন। বঙ্গোপসাগরে সাঁতার কাটতে গিয়ে মামুন নিখোঁজ হন। তঁার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।